
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে রেল অবরোধ করে বিক্ষোভ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতা : অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় বিভিন্ন স্থানে বিক্ষোভ করে চলেছে মহিলারা। এবার রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ করতে দেখা যায় মহিলাদের। বন্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার দুপুরে বিরাটি রেল স্টেশনের ফ্লাইওভারের নীচ থেকে এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ বিরাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহগামী ডাউন হাসনাবাদ লোকাল ঢোকার সময় রেল লাইনের উপর জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে বিপুল সংখ্যক মহিলা। ব্যহত হয় রেল পরিষেবা। প্ল্যাটফর্মে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকে ট্রেন। ফলে ধৈর্য্যচ্যুত হয়ে পড়ে রেল যাত্রীরা। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের বচসাও বাঁধে। উত্তেজনা ছড়ায় এলাকায়। রেল পুলিশ ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে রেল লাইনের উপর থেকে বিক্ষোভকারীদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধ ঘন্টা পর স্বাভাবিক হয় রেল পরিষেবা। রেলযাত্রীদের একাংশের দাবি, রেল অবরোধ হলে তার প্রকোপ সারাদিনের রেল পরিষেবার উপর পড়ে। ফলে ভুগতে হয় যাত্রী সাধারণকে। বিক্ষোভকারীদের কথায়, অন্নপূর্ণা যোজনার জন্য সরকার ঘোষিত প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া হয়েছে।আবেদন এপ্রুভড-ও দেখিয়েছে। কিন্তু তাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তবে কয়েকজন টাকা পেয়েছে। তাঁদের দাবি, যাঁরা এখনও টাকা পাননি দ্রুত তাঁদের সমস্যার সমাধান করে যোগ্য উপভোক্তাদের সবাইকে একসঙ্গে টাকা দিতে হবে। কিন্তু আবেদন এপ্রুভ হলেও টাকা কেন ঢোকেনি, তা স্পষ্টত এখনও জানানো হয়নি। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং ত্রুটি, আধার সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এ বিষয়ে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, 'উত্তর দমদমের কিছু বামপন্থী লোকের মদতে সাধারণ মানুষেরা বিক্ষোভ করে সরকার বিরোধী একটা আবহাওয়া তৈরির চেষ্টা চালাচ্ছে। তাই কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকতে বলেন সাধারণ মানুষদের। একইসাথে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।'















0 Comments