রাস্তাঘাটের কোয়ালিটি আমরা বুঝে নেব: তরুণ জ্যোতি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ রাজ্যে পালাবদলের পর থেকে অতীতে বঙ্গ জুড়ে নানা ক্ষেত্রে হওয়া দূর্নীতি ক্রমশই প্রকাশ পেয়ে চলেছে। বিভিন্ন পৌরসভার মধ্যে বিধান নগর পৌর নিগম হল অন্যতম। পূর্বে ওই এলাকায় সরকারি বিভিন্ন কাজে গাফিলতির অভিযোগ উঠে এসেছে বারংবার। এবার এলাকার সরকারি কাজে কোনও রকম কাটমানি, তোলাবাজি বরদাস্ত নয়- এমনই হুঁশিয়ারি দেন আইনজীবী তথা রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। বাগুইআটি থানার আইসি-র উপস্থিতিতে এলাকায় একটি অনুষ্ঠান গৃহে ৬০ জন পুরসভার কন্ট্রাকটারকে তলব করেন বিধায়ক। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাস্তা, জল কিংবা আলো যাই হোক না কেন, পৌরসভার কোনও কাজে কোনও কাটমানি আর দেওয়া যাবে না,পরিষ্কার জানিয়ে দেন তিনি। এর আগে তৃণমূল জমানায় ভুরিভুরি কাটমানি নেওয়ার অভিযোগ আছে। এই অভিযোগও আসত যে, কাটমানি ছাড়া এই পৌরসভায় কোনো কাজই হয় না। এবার ওসব বন্ধ হবে। বর্তমান রাজ্য সরকারের তরফে কাটমানি, তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এবার তা আরও ত্বরান্বিত করতে উদ্যোগী হন বিধায়ক। তরুণজ্যোতি-র কথায়, সরকারি কাজের টাকা কারও ব্যাক্তিগত নয়। প্রত্যক্ষ ট্যাক্স দাতা, গরীব মানুষ, যিনি আমুল দুধের প্যাকেট কিনছেন তাঁরও টাকা। এক কথায়- মানুষের টাকা নিয়েই মানুষের জন্য কাজ হবে। কেউ সেই টাকা নিয়ে চলে যেতে পারবে না। আপনারা যেমন পেমেন্ট বুঝে নেবেন, তেমন রাস্তাঘাট তৈরির গুণগত মান আমরাও বুঝে নেব। কোনও গোলমাল হলে কাউকে রেয়াত করা হবে না। বিধায়ক ছাড়া বাগুইআটি থানার আইসিও এদিন একেবারে দাবাং মুডে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, কাটমানি নিলে, তোলাবাজি করলেই হবে জেল।

নিউজ এক পলকে
- All
- Uncategorized











0 Comments