
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ টিকিট পরীক্ষক হিসেবে পরিচয় দিয়ে স্টেশন চত্বরে এক যাত্রীর কাছে জরিমানা দাবি করতে গিয়ে আরপিএফ-এর হাতে আটক হয় এক ব্যাক্তি। শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে ঘটনাটি ঘটে। আরপিএফ ওই ব্যাক্তিকে বালিগঞ্জ জিআরপি-র হাতে তুলে দেয়। জিআরপি তাঁকে গ্রেফতার করে। রেল সূত্রে জানা যায়, নিজেকে কর্তব্যরত রেলওয়ে টিকিট পরীক্ষক হিসেবে পরিচয় দেওয়া এক ব্যাক্তি স্টেশন চত্বরে এক যাত্রীকে আটকায়। টিকিট থাকা সত্বেও ওই যাত্রীর কাছে অযৌক্তিকভাবে জরিমানা দাবি করলে যাত্রীর সন্দেহ হয়। তিনি জরিমানার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেই ওই ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে। বিষয়টি নজরে আসতেই স্টেশনে কর্তব্যরত রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ওই ব্যক্তির আচরণ এবং পরিচয়পত্র নিয়ে সন্দেহ হওয়ায় দ্রুত ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান রেল কর্মীরা। এরপর ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা বিষয়টি যাচাই করতেই ঝোলা থেকে বেরিয়ে পড়ে বেড়াল। রেলের বৈধ পরিচয়পত্র বা কোনও সরকারি অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হন ওই ব্যক্তি। তদন্তে প্রমাণিত হয় অযৌক্তিকভাবে জরিমানা দাবি করা ওই ব্যাক্তি আসলে একজন ভুয়ো টিকিট পরীক্ষক। এরপর তাঁকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) আটক করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য বালিগঞ্জ জিআরপি-র হাতে তুলে দেয়। জিআরপি-র পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করার পাশাপাশি, ধৃত হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা ৩২ বছরের শুভজিৎ ব্যানার্জী-র বিরুদ্ধে কেস নং 28/26, তারিখ 20.08.2026, অনুযায়ী BNS 2023-এর ধারা 204/205/234/235/319(2)/336(2)/337/338/336(3)/336(4)/340(2)/339/61(2)-এর অধীনে মামলা রুজু করা হয়। পুলিশের জেরার মুখে ধৃত জানায়, সে বেশ কয়েকবার রেলের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল। কিন্তু প্রতিবারই ব্যর্থ হওয়ায় সে বেশ কিছুদিন যাবত রেলের টিকিট পরীক্ষক এর পোশাক পড়ে নকল পরিচয় পত্র ও ব্যাচ পড়ে প্ল্যাটফর্মে টিকিট চেকিং এর কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলে রেল পুলিশ সূত্রে খবর। ওই ঘটনা প্রসঙ্গে যাত্রী সতর্কতা এবং মাঝেরহাটে রেল কর্মীদের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, সকল যাত্রীর জন্য নিরাপদ, স্বচ্ছ ও ঝঞ্ঝাটমুক্ত যাত্রা নিশ্চিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। শিয়ালদহ ডিভিশন অননুমোদিত কার্যকলাপ ও প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। পাশাপাশি, সকল যাত্রীকে সতর্ক থাকার আবেদন জানিয়ে তিনি যাত্রীদের সর্বদা কর্তব্যরত রেলকর্মীদের সরকারি পরিচয়পত্র যাচাই ও কোনও বৈধ জরিমানা বা অতিরিক্ত ভাড়া প্রদানের ক্ষেত্রে অবশ্যই যথাযথ মানি রসিদ সংগ্রহ করার পরামর্শ দেন। এছাড়া রেলওয়ে চত্বরে কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে আসা মাত্রই বিলম্ব না করে স্টেশনে কর্তব্যরত রেলকর্মীদের বিষয়টি জানানো অথবা দ্রুত সহায়তার জন্য রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯-এ যোগাযোগ করার বার্তা দেন যাত্রীদের।
0 Comments