
আধুনিকৃত পোস্ট অফিস ও ডাক সেবা অ্যাপ চালু
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কলকাতার সিআইটি রোডে অবস্থিত কাঁকুড়গাছি সাব পোস্ট অফিস শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ডেলিভারি পোস্ট অফিস। নাগরিকদের বিভিন্ন ধরনের পরিষেবা প্রদানের জন্য সুসজ্জিত এই পোস্ট অফিসটি স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার ডিজাইন ম্যানুয়াল অনুসারে আধুনিকীকরণ করা হয়েছে। চলতি মাসের ২৪ তারিখ সোমবার কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্দিয়া, কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ড: চন্দ্রশেখর পেমমাসানি কাঁকুড়গাছি সাব পোস্ট অফিস সহ ভারতের আধুনিক সংস্কারকৃত ১৪ টি পোস্ট অফিস ও গ্রাহক সুবিধার্থে আপগ্রেটেড 'ডাক সেবা' এবং 'ডাক মিত্র' অ্যাপের ভার্চুয়াল উদ্বোধন করেন। আধুনিকৃত কাঁকুড়গাছি সাব পোস্ট অফিসের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিপ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার, পশ্চিমবঙ্গ সার্কেলের বিএসএনএলের চিপ জেনারেল ম্যানেজার ঘজালা ফইসাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সিন্দিয়া তাঁর বক্তব্যে জানান, ভারতের একাধিক রাজ্যে আধুনিক সংস্কারকৃত মোট ১৪ টি পোস্ট অফিস ও আপগ্রেটেড 'ডাক সেবা' ও 'ডাক মিত্র' অ্যাপ এদিন উদ্বোধন করা হয়েছে। 'ডাক সেবা' অ্যাপ প্রসঙ্গ তুলে তিনি বলেন, পূর্বে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা যেমন পার্সেল বুকিং, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, পোস্টাল লাইফ ইনস্যুরেন্স নেওয়া কিংবা বিভিন্ন ফর্ম পূরণের জন্য একজন গ্রাহককে ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হত। ফলে তাঁরা নানান সমস্যার সম্মুখীন হতেন। সমস্ত দিক বিচার বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ওয়ান ক্লিক’ পরিষেবার ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগের পরিষেবাকে আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করতে ‘ডাক সেবা’ অ্যাপ চালু করা হয়েছে। যেখানে এক ক্লিকেই ডাক বিভাগীয় পরিষেবা সংক্রান্ত নানান তথ্য জানার পাশাপাশি, নতুন অ্যাকাউন্ট খোলা, অভিযোগ জানানো সহ একাধিক পরিষেবা এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এর ফলে সাধারণ মানুষের ডাকঘরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। তিনি এও বলেন, এই অ্যাপ ব্যবহার করে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, টাকা জমা দেওয়া, পে-ইন স্লিপ ছাড়াই অর্থ জমা করার মতো পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি ই-কেওয়াইসি-র মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত করার ব্যবস্থাও রয়েছে। তাঁর দাবি, এই অ্যাপের মূল লক্ষ্য হল- সাধারণ নাগরিককে পরিষেবার কেন্দ্রবিন্দুতে রাখা। বক্তব্যে তিনি আরও বলেন, ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ গ্রাহক ‘ডাক সেবা’ অ্যাপ ডাউনলোড করে প্রায় ৮১ লক্ষ পার্সেল ও মেল বুক-ও করেছেন। ডাক বিভাগের এই পরিষেবাকে আরও দ্রুত, সহজ এবং গ্রাহককেন্দ্রিক করে তুলতে ওই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে দাবি তাঁর।
0 Comments