পাচারের পূর্বে উদ্ধার সোনার গহনা, হীরের আংটি, গ্রেফতার এক 

পাচারের পূর্বে উদ্ধার সোনার গহনা, হীরের আংটি, গ্রেফতার এক 

 দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সূত্রের ভিত্তিতে হানা দিয়ে কোটি টাকার বেশি মূল্যের গহনা উদ্ধার এর পাশাপাশি এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা এয়ারপোর্ট চত্বরে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৫ তারিখ বুধবার বিকেলে সূত্র মারফত থানায় খবর আসে যে, পাচারের উদ্দেশ্যে ডোমেস্টিক কার্গোতে বিপুল মূল্যের সোনা ও রূপার গহনা এয়ারপোর্টে নিয়ে আসা হচ্ছে। খবর পেয়েই এনএস সিবিআই থানার পুলিশ আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে এয়ারপোর্ট চত্বর। থানার পক্ষ থেকে শুরু করে নাকা চেকিং। নাকা চেকিং চালাতেই উদ্ধার হয় ওই বিপুল মূল্যের গহনা। কার্গো এলাকা দিয়ে চলমান এক স্কুটি চালককে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ওই স্কুটিকে আটকে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় হীরের আংটি, একাধিক সোনার চেন, নেকলেস, চুরি। প্রায় ৪০০ গ্রাম সোনার গহনা ও ৯০০ গ্রাম রূপার গহনা উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর। এরপর স্কুটিটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, ওই স্কুটি চালক রাজস্থানের বাসিন্দা রামাবতার শর্মা। সে এক ব্যাক্তির কাছ থেকে ওই গহনা নিয়ে স্কুটিতে চেপে কলকাতার বড় বাজারের উদ্দেশ্যে যাবার চেষ্টা করছিল। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মমলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ৬ আগস্ট ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ওই বিপুল গহনা কোথা থেকে নিয়ে এসে কোথায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছিল, ওই ঘটনায় আর কে বা কারা কিভাবে যুক্ত এমনই নানান প্রশ্নের উত্তর পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ।

0 Comments

Leave a Comment