
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে দায়িত্ব গ্রহণ করেই পূর্ব রেলের সুরক্ষা সুদৃঢ়করণ, পরিকাঠামো প্রকল্পগুলির গতিবৃদ্ধি এবং যাত্রী সুবিধা বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। দ্বিতীয় দিনে হাওড়া, ডানকুনি, বর্ধমান শাখা পরিদর্শন করেন। এদিন উইন্ডো-টেইলিং পরিদর্শনের সময়, তিনি পরিচালনগত সুরক্ষা ও নির্ভরযোগ্যতা মূল্যায়নের জন্য ট্র্যাক, ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই), সিগন্যালিং সম্পদ, সেতু, পয়েন্টস ও ক্রসিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামোর অবস্থা গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্তকতাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সমস্ত বিভাগকে সর্বোচ্চ স্তরের সতর্কতা, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কাজ সময়মতো সম্পাদনের নির্দেশ দেন। সমস্ত রেল আধিকারিককে নিষ্ঠা, দায়বদ্ধতা এবং "যাত্রী প্রথম" মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। নিরাপত্তার সাথে কোনো সমঝোতা বা প্রকল্পের বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব একদমই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। এদিন ডানকুনিতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনরুন্নয়নমূলক কাজের অগ্রগতি অর্থাৎ স্টেশন লেআউট, সার্কুলেটিং এরিয়া, প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা, যাত্রী সুবিধা, প্রতীক্ষালয় এবং ফ্রেইট করিডোর লাইনের অগ্রগতি ছাড়াও তিনি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট (ওএসওপি) স্টল পরিদর্শন করে বিক্রেতা ও যাত্রীদের সাথে কথা বলেন। বর্ধমান স্টেশনে যাত্রী প্রতীক্ষালয়, ফুট ওভার ব্রিজ, এসকেলেটর, পরিচ্ছন্নতা এবং যাত্রী সুবিধা সহ চলমান স্টেশন পুনরুন্নয়নে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পূর্ব রেলের বিভাগীয় প্রধান ও হাওড়া ডিভিশনের আধিকারিকদের সাথে এদিন এক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে তিনি আধিকারিকদের স্টেশন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি, যাত্রী সুবিধার উন্নতি, এসকেলেটরের সম্প্রসারণ এবং দ্রুততার সাথে সমস্ত চলমান কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি ভদ্রেশ্বরে রেলের ট্র্যাক, ফিটিংস, রেল জয়েন্ট, পয়েন্টস ও ক্রসিং পরিদর্শন করে আধিকারিকদের ট্র্যাক সুরক্ষা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মান বজায় রাখারও নির্দেশ দেন।
0 Comments