
যাত্রী সুবিধার্থে শিয়ালদহে চালু সেন্ট্রাল গেট
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ শিয়ালদহ স্টেশন চত্বরে রেলযাত্রীদের প্রবেশ ও প্রস্থানের সুবিধার্থে একটি নতুন গেট চালু করল রেল কর্তৃপক্ষ।ব্যস্ততম শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরা এবং স্টেশন থেকে বাহিরে যেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করতে গিয়ে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।রেলযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে শিয়ালদহে যাত্রী পরিষেবার মানোন্নয়ন, ট্রেন ছাড়ার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম এমনকি স্টেশন চত্বরে ভিড় ও স্টেশনের বাহিরে যাওয়ার জন্য যাত্রীদের হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করতে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেলের তরফে জানা যায়, এতদিন শিয়ালদহ স্টেশনে যাত্রীদের প্রবেশের জন্য প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেইন গেট এবং সাউথ গেট এই চারটি প্রধান প্রবেশ ও প্রস্থান পথ ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রফুল্ল দ্বার অথবা নর্থ গেট ব্যবহার করে নির্ধারিত নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর ও গেদে-র দিকে যাওয়ার জন্য যাত্রীরা ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতেন। মেইন গেট ব্যবহার করে বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনির দিকে যাওয়ার জন্য যাত্রীরা ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতেন। ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত লোকাল ট্রেন ধরতে যাত্রীরা সাউথ গেট দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে পারতেন। কিন্তু ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে কেবলমাত্র মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়ায় সমস্যায় পড়তেন দূরপাল্লার রেলযাত্রীরা। এবার দূরপাল্লার রেলযাত্রীদের সুবিধার্থে চালু করা হল সেন্ট্রাল গেট। এই সেন্ট্রাল গেট চালুর ফলে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা ভিড় এড়িয়ে মেইল ও এক্সপ্রেস ট্রেন ধরতে সরাসরি ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন। একইসঙ্গে খুব সহজে স্টেশন থেকে বেরিয়েই প্রি-পেড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে পারবেন যাত্রীরা। শিয়ালদহ স্টেশন চত্বরে প্রবেশ ও প্রস্থানের পৃথক ব্যবস্থা থাকায় স্টেশনের ক্রস মুভমেন্ট কমবে, ফলে ধাক্কাধাক্কি ও দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই হ্রাস পাবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু, পর্যটক এবং ভারী লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত উপযোগী হবে বলে রেল কর্তৃপক্ষের দাবি। এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, প্রতিটি যাত্রীর ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও সুবিধাজনক করে তোলাই রেলের মূল লক্ষ্য। তার কথায়, নতুন সেন্ট্রাল গেট চালুর ফলে দূরপাল্লার যাত্রীদের সময় বাঁচবে। যা শিয়ালদহ স্টেশনের আধুনিকীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া ভবিষ্যতে সেন্ট্রাল গেটের কাছে অ্যাপ-ভিত্তিক ক্যাব, পিক-আপ ও ড্রপ পয়েন্ট, আধুনিক শৌচাগার কমপ্লেক্স, বোর্ডিং ও ডি-বোর্ডিং জোন, প্ল্যাটফর্মের উন্নত সারফেস এবং বিদ্যমান শৌচাগারগুলির আধুনিকীকরণের পরিকল্পনার কথাও জানান তিনি।

0 Comments