নদী বাঁধে ধ্বস, আতঙ্ক এলাকায় দ্রুত মেরামতীর আশ্বাস
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ পূর্ণিমার ভরা কোটালের পর মঙ্গলবার সকালে আচমকা নদী বাঁধে ধ্বস নামায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। দ্রুত ওই বাঁধ মেরামতের আর্জি জানায় তারা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-২ ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর তালতলা ঘাটের কাছে মঙ্গলবার সকালে কলাগাছি নদীর বাঁধের প্রায় ১০০ মিটার অংশ আচমকাই ধ্বসে পড়ে নদীগর্ভে। পূর্নিমার ভরা কোটালের সময় কলাগাছি নদীর প্রবল জলচ্ছাসের জল বাঁধের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে গ্রামে ঢুকতে না পারলেও এদিন সকালে নদী বাঁধে ধ্বস নামার ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এক অজানা আশঙ্কায় প্রমাদ গুনতে শুরু করে আতাপুর গ্রামে বসবাসকারী কয়েক হাজার পরিবার। স্থানীয় বাসিন্দাদের কথায় ইয়াসের তান্ডবের পর স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তরের উদ্যোগে ভগ্নদশায় থাকা নদী বাঁধগুলির মেরামতের কাজ করা হলেও এবার পূর্নিমার ভরা কোটালে কলাগাছি নদীর প্রবল জলচ্ছাসের ফলে বাঁধগুলি খুবই দূর্বল হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় থাকা নদী বাঁধ ধ্বসে পড়ছে। কলাগাছি নদী বাঁধ ভেঙে পড়লে আতাপুরের বিস্তীর্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। পুনরায় আর্থিক সংকট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে স্থানীয়দের। অতএব বিলম্ব না করে সেচ দপ্তরের পক্ষ থেকে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কাজ শুরু করার আর্জি জানায় স্থানীয় গ্রামবাসীরা। দ্রুততার সঙ্গে ওই বাঁধ মেরামত করা হবে বলে আশস্থ করেন স্থানীয় প্রশাসন।








