রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণের নিমিত্ত খোলা চিঠি
চিকিৎসা শাস্ত্রের অনৈতিক কাজের বিরুদ্ধে ডক্টরস ফোরামের প্রতিবাদ
শারীরিক অসুস্থতা না থাকা সত্ত্বেও বীরভূমের অনুব্রত মন্ডলের চিকিৎসার জন্য তড়িঘড়ি বোলপুর হাসপাতাল থেকে বাড়িতে মেডিকেল টিম পাঠানোর ঘটনায় সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল এক বিবৃতিতে বলেন, “স্বাস্থ্য দপ্তরের লিখিত নির্দেশ ছাড়া যেভাবে বোলপুর হাসপাতালের সুপার মৌখিক নির্দেশে অনুব্রত মন্ডলের বাড়িতে মেডিকেল টিম পাঠিয়েছে এবং চিকিৎসকদের দিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন করতে বাধ্য করানো হয়েছে তা একদিকে মেডিকেল এথিক্স বিরোধী এবং সার্ভিস রুলসেরও পরিপন্থি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি। এই ঘটনায় যেভাবে প্রশাসনের চাপের প্রশ্নটি উঠে আসছে আমরা দ্ব্যর্থহীন ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন যেভাবে চাপ সৃষ্টি করে ডাক্তারদেরকে দিয়ে অনৈতিক কাজ, মেডিকেল এথিক্স ও বিজ্ঞান বিরোধী কাজ করিয়ে নিচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হুশিয়ারি দিচ্ছি, তারা যেন এইরকম কাজ থেকে বিরত থাকে। তদন্ত স্বাপেক্ষে এই ঘটনার সাথে জড়িত আমলাদেরকে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিও আমরা জানাচ্ছি। কারন চিকিৎসকরা চিকিৎসা করেন মেডিকেল সায়েন্স ও এথিক্স মেনে; চিকিৎসা কখনো কোনো আমলা বা মন্ত্রী নেতাদের অঙ্গুলি হেলনে চলতে পারে না। যদি এরকম চলতে থাকে, এর বিরুদ্ধে চিকিৎসক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। উল্লেখ্য, ঐ হাসপাতালে প্রতিদিন সহস্রাধিক মানুষ চিকিৎসার জন্য আসেন। তার মধ্যে অনেকেই খুবই গুরুতর রোগে ভূগছেন এবং এদের মধ্যে অনেকে হাসপাতাল বেড ও পরিকাঠামোর অভাবে ভর্তি হতে পারেন না। কোনো ক্ষেত্রেই তো হাসপাতাল থেকে ডাক্তার পাঠিয়ে ঐ সব মরনাপন্ন রোগীদের চিকিৎসা করানো হয় না। সেটা বহু ক্ষেত্রে সম্ভবও নয় বা নৈতিকও নয়। তাহলে গরুপাচার কান্ডে অভিযুক্ত একজন ব্যক্তির বাড়িতে তড়িঘড়ি এভাবে চিকিৎসক টিম পাঠানো হলো কেন? এভাবে বারে বারে মেডিকেল এথিক্স লঙ্ঘিত হলে চিকিৎসক সমাজের ভাবমূর্তি কোথায় থাকে! আমারা দাবি জানাচ্ছি এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে। প্রশাসন যদি এই ধরনের অনৈতিক চাপ সৃষ্টি করে থাকে, তদন্ত স্বাপেক্ষে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে এবং প্রশাসন যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকে সে ব্যবস্থাও করতে হবে। এই ঘটনায় কোনো চিকিৎসক মেডিকেল এথিক্স লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হোক। “SSKM থেকে বোলপুর সহ রাজ্যের সর্বত্র আজ যেভাবে মেডিকেল এথিক্স লঙ্ঘিত হচ্ছে,তার বিরুদ্ধে সমস্ত চিকিৎসক সমাজ প্রতিবাদে স্বোচ্চার হোন এবং দির্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলুন।” ডা: ভবরঞ্জন শিকদার ডা:সুমন মিশ্র বীরভূম জেলা কমিটি সার্ভিস ডক্টরস ফোরাম

















