গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো-র দৌড়াত্ম্য কমাতে নিষেধাজ্ঞা জারি রাজ্যের 

দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন যাবত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কগুলিতে টোটোর দৌড়াত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। ফলে যানজট সৃষ্টির পাশাপাশি, দূর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তাই সরকারের তরফে যানজট ও ক্রমবর্ধমান দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে জাতীয় সড়ক সহ সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। পরিবহন দপ্তরের তরফে পুলিশকে পাঠানো এক চিঠিতে জানা যায়, ২০১৬ সালের ২৮ জুলাই প্রকাশিত রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ ছিল, "ই-রিকশা বা টোটো পরিষেবার মূল উদ্দেশ্য ছিল 'লাস্ট মাইল কানেক্টিভিটি'। অর্থাৎ যেখানে বাস বা ট্রেন পৌঁছাতে পারে না, সেইসব স্থানীয় এবং নির্দিষ্ট রুটের গলিতে থাকা রাস্তায় চলতে পারবে টোটো। বিশেষ কোনও অনুমোদন না থাকলে জাতীয় ও রাজ্য সড়ক এবং শহরের প্রধান ট্রাফিক রুটে টোটো যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ"। কিন্তু ইদানিং সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাতীয় ও রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার বেআইনি টোটো। এই মর্মে পরিবহন দপ্তরের কাছে অভিযোগ জমা পড়লে কড়া পদক্ষেপ নেয় পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের এক আধিকারিকের কথায়, বর্তমানে সমগ্র রাজ্যের জেলা, শহর বা মফঃস্বল এলাকায় ঠিক কত সংখ্যক টোটো বা ই-রিক্সা চলাচল করছে, তার কোনও সঠিক বা সুনির্দিষ্ট তথ্য সরকারের খাতায় নেই। তবে পথ চলতি বিপুল সংখ্যক (প্রায় কয়েক হাজার) টোটোর বড় অংশই রেজিস্ট্রেশন ছাড়া বেআইনিভাবে রাজপথে চলছে, যা নিয়ন্ত্রণে আনাই এখন পুলিশ এবং পরিবহন দপ্তরের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে প্রয়োজনে বেআইনি টোটো বাজেয়াপ্ত এমনকি জরিমানা ধার্যের মতো কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে রাজ্য সরকারের তরফে। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, টোটো সম্পূর্ণ অবৈধ, এর কোনও সরকারি রেজিস্ট্রেশন ব্যবস্থা নেই। পুরসভাগুলোর মাধ্যমে অতীতে করা টোটো রেজিস্ট্রেশন আইনসম্মত নয় বলে দাবি করে মন্ত্রী জানান, প্রকৃত টোটো মালিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের টোটোগুলিকে ই-রিক্সায় রূপান্তরের সুযোগ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে এখন থেকে সীমিত পারমিটের মাধ্যমে ই-রিকশা চালানো হবে। পাশাপাশি, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ১০০ টি করে অটো এবং ১০০টি টোটো ম্যাজিকের পারমিট দেওয়া হবে। বিশেষ করে কম শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে - এমনটাই জানান মন্ত্রী।

0 Comments

Leave a Comment