
মন্ত্রীর নামে জাল নথি তৈরি, গ্রেফতার ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ মন্ত্রীর নামে জাল নথি বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নোয়াপাড়া বিধানসভা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শ্রম ও পরিবহন মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং এর নামে জাল নথি তৈরির পাশাপাশি, সরকারি কাজে সুবিধা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই নথি বিভিন্ন মানুষকে দেওয়া হত বলে অভিযোগ উঠেছে। জানা যায়, সম্প্রতি এক ব্যক্তি সেই নথি একটি সরকারি দপ্তরে জমা দিতে গেলে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয়। নথি যাচাইকরণের পর সেটি জাল বলে নিশ্চিত হন তাঁরা। বিষয়টি ওই ব্যক্তি জানতে পেরে নোয়াপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নোয়াপাড়া থানার পুলিশ। তদন্তে উঠে আসে সোমনাথ দাস ও রোমান দাস নামে দুই ব্যাক্তির নাম। এরপরই ইছাপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে বিজেপির নোয়াপাড়া মন্ডল-২ এর সভাপতি সুপ্রিয় দে জানান, বিষয়টি মন্ত্রী অর্জুন সিং-কে জানানো হয়েছে। তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কিন্তু প্রতারকেরা কতদিন যাবত ওই কর্মকান্ড চালাচ্ছিল, কত টাকাই বা নিচ্ছিল নথির বিনিময়ে, কতজন মানুষ ওই প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন, ওই চক্রের সঙ্গে কোনোভাবে আর কেউ যুক্ত রয়েছে কিনা! উঠেছে এমনই নানান প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।
0 Comments