
সুবর্ণজয়ন্তীতে ভক্তির ঢল, রথের রশিতে টান হাবড়া গণদীপায়নবাসীর
নিজস্ব সংবাদদাতা, গণদীপায়ন: রথের রশিতে হাত রেখে ভক্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হলেন অগণিত গণদীপায়নবাসী। সুবর্ণজয়ন্তী বর্ষে গণদীপায়ন রথযাত্রা কমিটির ৫০তম রথযাত্রা উৎসব ঘিরে গত ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। রথপরিক্রমা, পল্লীমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক উদ্যোগে অর্ধশতাব্দীর এই আয়োজন নতুন মাত্রা পায়। উৎসব উপলক্ষে আয়োজিত পল্লীমেলায় ছিল উপচে পড়া ভিড়। মেলা মঞ্চে গণদীপায়ন উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় খুদে শিল্পীদের নৃত্য, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন। উল্টো রথের দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয়, ব্যাজ ও পরিবেশবান্ধব চারাগাছ উপহার দিয়ে সম্মান জানায় কমিটি। সমাপনী অনুষ্ঠানে বাউল গানের সুরে মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আধ্যাত্মিক। সমগ্র অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করেন কৃষ্ণ দেবনাথ, নিখিল রায়, সুমন অধিকারী, সুদীপ অধিকারী, সাগর সরকার, গোবিন্দ দাস, রথিন চক্রবর্তী, শক্তি মজুমদার, রাজু বিশ্বাস, মনা পাত্র, সঞ্জয় রায়, অলোক দেবনাথ, কাঞ্চন মজুমদার ও কুশ সরকার। ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে সুবর্ণজয়ন্তীর এই রথযাত্রা গণদীপায়নের ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে রইল।
0 Comments