ভোটপ্রচারে আবাস যোজনা সহ নানাবিধ অভিযোগে সরব বিজেপি প্রার্থী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হাবরা বিধানসভা এলাকায় আবাস যোজনায় বঞ্চনা সহ নানাবিধ অভিযোগে রাজনৈতিক উত্তাপ আরও চড়ালেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবড়া বিধানসভার লাউতারা পঞ্চায়েতের অন্তর্গত লাউতারা গ্রামের ১২২ নম্বর বুথে ভোটপ্রচারে গিয়ে সরাসরি শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। গ্রামের পরিস্থিতি পরিদর্শন করে দেবদাসের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর বিধায়কের আসনে বসে থেকেও সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি, বরং ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধিতেই বেশি নজর দেওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন—কেন্দ্র সরকার টাকা পাঠালেও কেন সেই সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ? প্রচারের সময় গ্রামবাসীদের একাংশও নানা সমস্যার কথা তুলে ধরেন। বহু বাড়ির জীর্ণ দশা, ত্রিপল দিয়ে ঢেকে রাখা ভাঙাচোরা মাটির ঘর এবং সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ সামনে আসে। সেই পরিপ্রেক্ষিতে দেবদাস প্রশ্ন তোলেন, “এরা কি ভোটার নন? এরা কি পশ্চিমবঙ্গের মানুষ নন? এদের ভোটেই তো ১৫ বছর রাজত্ব হয়েছে।” তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতির জবাব দেবে সাধারণ মানুষই। আগামী ২৩ তারিখে ভোটের মাধ্যমে এই বঞ্চনার প্রতিফলন দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, পরিবর্তন এলে উন্নয়নের দায়িত্ব নেবে ভারতীয় জনতা পার্টি। এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়া বিধানসভা এলাকায় রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত স্পষ্ট।
ভোটপ্রচারে আবাস যোজনা সহ নানাবিধ অভিযোগে সরব বিজেপি প্রার্থী
0%


















