ম্যাজিস্ট্রেটকে টার্গেট করে দুষ্কৃতি তাণ্ডব, গ্রেফতার ৩
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ নির্বাচনের প্রচার পর্বের মাঝে ফের মাথাচাড়া দিয়েছে দুষ্কৃতি তৎপরতা। নাকা চেকিং সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের নিশানায় পড়েন এক ম্যাজিস্ট্রেট ও তাঁর ভাই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নদীয়া জেলার হরিণঘাটা থানার লাউপালা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হরিণঘাটা থানার লাউপালা সংলগ্ন রাস্তায় হঠাৎই বাইকে চেপে আসা ছয়-সাতজন দুষ্কৃতি ম্যাজিস্ট্রেট বুবাই দে-র গাড়ির গতি রোধ করে। এরপর গাড়ি থেকে টেনে নামিয়ে তাঁকে ও তাঁর পিসতুতো ভাই বাপি মজুমদারকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় গুরুতর জখম হন দু’জনেই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাজিস্ট্রেট প্রাণে বেঁচে গেলেও তাঁর ভাই বাপি মজুমদারের অবস্থা আশঙ্কাজনক। সেখানে চিকিৎসা চললেও, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পরই হরিণঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুষ্কৃতিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। এহেন হামলার ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। রাতের রাস্তায় আইনরক্ষকই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়- উঠেছে এমনই বড় প্রশ্ন।
ম্যাজিস্ট্রেটকে টার্গেট করে দুষ্কৃতি তাণ্ডব, গ্রেফতার ৩
0%

















