মতুয়া কার্ডের আড়ালে সমর্থন কুড়াতে মরিয়া বিজেপি
দাবদাহ লাইভ, বনগাঁ, বৈশাখী সাহা, কলকাতাঃ নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া যেন এখন সরাসরি ভোটের ল্যাবরেটরি। বুধবার হাবড়া বিধানসভার মহিষা মছলন্দপুরের মাঠপাড়ায় অনুষ্ঠিত হয় মতুয়া মহাসম্মেলন। সেই সম্মেলনকে কেন্দ্র করে বিজেপির যে তৎপরতা চোখে পড়েছে, তা নিছক সামাজিক অনুষ্ঠান নয়—বরং স্পষ্ট রাজনৈতিক মেরুকরণের প্রচেষ্টা। ওই মঞ্চ থেকেই বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল সরাসরি মতুয়া ভোটব্যাঙ্কে বার্তা দেওয়ার চেষ্টা করেন। কথায় উন্নয়ন, প্রতিশ্রুতিতে পরিবর্তন। যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন এহেন ‘জনসংযোগ’ আসলে কতটা আন্তরিক, আর কতটাই বা নিছক ভোটের অঙ্ক মেলানোর কৌশল! সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের ভিড় বিজেপির শক্তি প্রদর্শনের ছবি তুলে ধরলেও, বিরোধীদের দাবি এই সব আয়োজন শুধুই নির্বাচনের আগে আবেগে সওয়ার হওয়ার চেষ্টা। দীর্ঘদিনের বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তাঁরা বিজেপির এই প্রচারকে ‘চোখে ধুলো দেওয়ার রাজনীতি’ বলেই কটাক্ষ করছে। হাবড়া কেন্দ্রের রাজনৈতিক লড়াই এখন ক্রমশ তীব্র হচ্ছে। মতুয়া মহাসম্মেলনের মঞ্চ তাই আর শুধুই সামাজিক জমায়েত নয়, বরং এখন তা সরাসরি ভোটের যুদ্ধক্ষেত্র। সেখানে প্রতিটি শব্দ, প্রতিটি উপস্থিতি হিসেব কষেই সাজানো। সব মিলিয়ে, দেবদাস মণ্ডলের এই কর্মসূচি স্পষ্ট করে দিচ্ছে—হাবড়ায় ভোটের লড়াই আর সাধারণ নেই, তা এখন কৌশল, আবেগ আর ভোটব্যাঙ্কের ত্রিমুখী সংঘর্ষে পরিণত হয়েছে।
মতুয়া কার্ডের আড়ালে সমর্থন কুড়াতে মরিয়া বিজেপি
0%


















