সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার
দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তী, গোবরডাঙা: উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় সাংবাদিককে শারীরিক নিগ্রহ ও মহিলাকে কটূক্তির মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গত ১৯ মার্চ ধৃতকে বারাসাত আদালতে পেশ করে গোবরডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখে এই ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিক আত্মজিৎ চক্রবর্তী সস্ত্রীক বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর বাড়ির সামনে কয়েকজন যুবক বসে মদ্যপান করছিল। পরিস্থিতি দেখে তিনি থানায় ফোন করেন। অভিযোগ, এরপরই কিছু যুবক সেখান থেকে সরে যায়। বাকিরা আত্মজিৎবাবুর স্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি করে। তিনি প্রতিবাদ করলে সাংবাদিকের উপর চড়াও দুষ্কৃতীরা। মারধরের জেরে তাঁর নাক ফেটে যায় বলে জানা গিয়েছে। স্থানীয়রা আহতকে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনার পর গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে দু’জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত অধরাই ছিল। মূল অভিযুক্ত সুবীর বাউল পালিয়ে যায়। কিন্তু পুলিশ নিরন্তর তার মোবাইলের লোকেশন ট্রাক করতে থাকে। অবশেষে তাকে গ্রেফতার করল গোবরডাঙা থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুবীর বাউল (২০)-এর বাড়ি গাইঘাটা থানার ধর্মপুর এলাকায়। মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় এলাকার মানুষ পুলিশকে ধন্যবাদ জানান বলে জানা গিয়েছে।



















