ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ একটি ঝালাই গ্যারেজে একটি তেলবাহী ট্যাঙ্কার ঝালাইয়ের কাজ চলাকালীন আচমকা ভয়ানক বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় এক নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুর সদর মহকুমার বজবজ থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা শেখ নিজাম উদ্দিনের একটি ঝালাই এর গ্যারেজ রয়েছে। সেখানে সাধারণত খালি তেলবাহী ট্যাঙ্কার ঝালাই করা হয়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ওই গ্যারেজে ঝালাইয়ের কাজ চলছিল গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। বেলা ১১টা ২০ নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। জানা যায় গ্যাসের সিলেন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের টিনের চালের একাংশ উড়ে যায়। গুরুতর জখম হয় এক নাবালক সহ ২ জন। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বজবজ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করে। আহত অপর ব্যাক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন। ওই গ্যারেজে ঝালাইয়ের কাজে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারও ব্যবহার করা হত বলে অভিযোগ স্থানীয়দের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার আসল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।
ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু
0%



















