প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন দুর্ঘটনা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি উপলক্ষে কুচকাওয়াজের মহড়ার মাঝে তিলোত্তমার বুকে ঘটে এক ভয়ঙ্কর দূর্ঘটনা। ঘটনায় আতঙ্কের পাশাপাশি মানব মনে ফিরে আসে ১০ বছর আগে এক জওয়ান মৃত্যুর মর্মান্তিক স্মৃতি। শনিবার সাতসকালে কলকাতার ময়দান থানার অন্তর্গত রেড রোডে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে চলছিল কুচকাওয়াজের মহড়া। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রাস্তার পাশে ছিল পুলিশি গার্ড রেল। কিন্তু সকাল সারে সাতটা নাগাদ আচমকা দ্রুতগতি সম্পন্ন একটি বিলাসবহুল (অক্টাভিয়া) গাড়ি ওই গার্ড রেল উপেক্ষা করে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করতে দেখে পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের ভয়ে চালক গতি বৃদ্ধি করে পালানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ওই গার্ড রেলেই সজোরে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি। এতে গাড়িটির বাঁ দিকের অংশ দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দূর্ঘটনা ঘটার সাথে সাথেই ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, বাজেয়াপ্ত করা গাড়িটির ইনসুরেন্স এবং পলিউশনের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। অতএব বৈধ নথিপত্র ছাড়াই গাড়িটি রাস্তায় নামানো হয় বলে অভিযোগ। তবে ওই দূর্ঘটনাটি ২০১৬ সালের ১৩ জানুয়ারির সকালে ঘটে যাওয়া হাড়হিম ঘটনাকে মনে করিয়েছে। ওই দিনও প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন বেপরোয়া গতিতে একটি অডি গাড়ি রেড রোডে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল। সেই গাড়ির ধাক্কায় ভারতীয় বায়ুসেনার আধিকারিক অভিমন্যু গৌড়ের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। আজকের ঘটনাটি পুনরায় সেই স্মৃতিকে উস্কে দিল।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন দুর্ঘটনা
0%


















