সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নি কাণ্ডে মধ্যমগ্রামে মৃত ১
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্র: বুধবার দুপুরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে উড়ালপুলের নীচে কাঠগোলায় বিধ্বংসী আগুন লাগে। পরবর্তী সময়ে আগুনের সেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশে পাশের দোকানে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে তাকে নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদেরও হাতে হাত ধরে লড়াই করতে হয় । বারাসাত/ মধ্যমগ্রাম/ নিউ ব্যারাকপুর এই সব এলাকা থেকেও দমকলের গাড়ি আসে। স্থানীয় বাসিন্দারা জানান সামনে একটা ফাস্ট ফুডের দোকান ছিলো সেই দোকানের সিলিন্ডার থেকেই এই আগুন ধরে যায় বলে অনুমান করছেন। তবে দমকল বাহিনী যথেষ্ট তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে । কিসের থেকে এই আগুন লাগলো সেটা এখন তদন্ত সাপেক্ষ। ক’দিন আগেই মধ্যমগ্রাম স্টেশনের কাছে এক মোবাইল ফোনের বিপনীতেও আগুন লাগে, এই নিয়ে দুবার মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ আগুন লাগলো। ঘটনার স্থল পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ/ এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার / মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ / ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা এবং এলাকার স্থানীয় কাউন্সিলর। যদিও এলাকার এক ব্যক্তি এবং স্থানীয় কাউন্সিলরও সংবাদমাধ্যমকে জানান বেশিরভাগ জমিই রেলের। কাঠগোলার জমিটুকু মধ্যমগ্রাম পুরসভার অধীনে। তারপর থেকে বাদবাকি জমিটুকু রেলের আওতায় পড়ছে, এবং সেই সব জমিতে অবৈধ ভাবে গজিয়ে উঠেছে একের পর এক দোকান,যদিও এই নিয়ে রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা এখনও কোনো পদক্ষেপ নেয়নি, কিন্ত এই ভয়াবহ অগ্নিকান্ডের পর রেলের জমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানগুলোর মালিকদের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। দীর্ঘ দিন ধরে রেলের জমিতে শুধু অবৈধ দোকানই নয় ,গড়ে উঠেছে বিভিন্ন ঘরও। হোলির দিন দুপুরে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এবার কি টনক নড়বে রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের, নাকি আবার রেলের জমিতে গড়ে উঠবে একের পর এক বেআইনি দোকান। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর চোট পেলেও তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারাসাত ফায়ার বিগ্ৰেডের স্টেশন মাস্টার শুভজিৎ লোধ ঘটনার কথা তুলে ধরেন। যদিও তিনি বলেন এর পেছনে কোনো অন্তর্ঘাতের হাত নেই। পুরো ঘটনাই এখন তদন্ত সাপেক্ষ।
সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নি কাণ্ডে মধ্যমগ্রামে মৃত ১
0%


















