ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ জন সাধারণের সুবিধা, আঞ্চলিক উন্নয়ন ও তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে উদ্যোগী হয় রেল। একটি নতুন হল্ট স্টেশনের মাধ্যমে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মধ্যে সরাসরি সংযোগ তৈরী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রেল মন্ত্রক। সেই অনুযায়ী বৃহস্পতিবার কৃষ্ণনগর-লালগোলা রুটে নশিপুর নামক একটি হল্ট স্টেশন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় রেলের তরফে। এদিনের ওই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শংকর ঘোষ ও পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। রেল সূত্রে জানা যায়, নশিপুর হল্ট কেবলমাত্র রেল মানচিত্রে একটি প্রযুক্তিগত সংযোজন নয়, এটি স্থানীয় সংহতি ও আঞ্চলিক সংযোগের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতি। নতুন স্টেশন ও সরাসরি লাইন চালু হলে দুরপাল্লার ট্রেনগুলিকে কলকাতা স্টেশন বা অন্য বড় কোনও জংশনে ঘুরপথে যাতায়াত করতে হবে না। ফলে সময় বাঁচবে। একইসাথে ফেরি পরিষেবার উপর ওই অঞ্চলের জনসাধারণের নির্ভরতা অনেকাংশেই কমবে। এই স্টেশন উত্তরবঙ্গমুখী ট্রেনগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ স্টপেজ প্রদান করবে। মুর্শিদাবাদের মানুষকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে আগের চেয়ে আরও দৃঢ়ভাবে যুক্ত করার একটি পথ তৈরি করতে চলেছে শিয়ালদহ ডিভিশন। এই হল্ট স্টেশনের গুরুত্ব শুধুমাত্র যাতায়াতের সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ওই অঞ্চলের অর্থনৈতিক প্রবাহেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য কম খরচে বাজারে পৌঁছে দিতে সক্ষম হবে। পাশাপাশি জরুরি চিকিৎসা পরিস্থিতিতে “গোল্ডেন আওয়ার”-এর গুরুত্ব বজায় রেখে মুর্শিদাবাদ ও বহরমপুরের মেডিক্যাল কলেজে দ্রুত পৌঁছানোর সুযোগও সৃষ্টি করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের
0%

















