জ্যোতিপ্রিয়র ফাঁসানোর দাবি মমতার
অস্তিত্ব রক্ষার লড়াই হবে হাবড়ায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন আরও একবার চোখে পড়ল। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী নিজে উপস্থিত থেকে হাবড়া কেন্দ্রের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে জোরদার প্রচার চালালেন। মঞ্চ থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি স্পষ্ট বার্তা দেন—এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের লড়াই নয়, বরং নিজের ঠিকানা, ভাষা ও অস্তিত্ব রক্ষার লড়াই। সেই কারণেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বালুর সঙ্গে অন্যায় হয়েছে, ওকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে বলে রাজনৈতিক বিশেষষ্ণের অভিমত। একইসঙ্গে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপি ও সিপিএমকে একসাথে নিশানা করে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, “যারা আগে সিপিএম করত, তারাই এখন বিজেপিতে গিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে অন্যায় করছে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বিরোধীদের বিরুদ্ধে একযোগে আক্রমণের কৌশল নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক ময়দানে ভাষণের তীব্রতা বাড়ছে। এই সভা থেকে মমতার বার্তা—ভোটের লড়াই এখন সরাসরি অস্তিত্বের প্রশ্নে রূপ নিয়েছে।
জ্যোতিপ্রিয়র ফাঁসানোর দাবি মমতার অস্তিত্ব রক্ষার লড়াই হবে হাবড়ায়
0%

















