উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পূর্ব মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার তমলুক-দীঘা রুটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবনির্মিত ঘোলবাগদা হল্ট স্টেশন। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের হেঁড়িয়া এবং নাচিন্দা স্টেশন এর মাঝে এই হল্ট স্টেশনটি অবস্থিত। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওই হল্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেন পরিষেবার শুভ উদ্বোধন হয়। এদিন যাত্রী স্টপেজের সূচনা উপলক্ষে ৬৮১১৯ পাঁশকুড়া-দীঘা ইএমইউ লোকাল ট্রেন যাত্রা শুরু করে। সবুজ পতাকা দেখিয়ে রেল পরিষেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, কাঁথি উত্তরের বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার এডিআরএম (অপারেশন) মনীষা গোয়েল, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমার সহ বহু উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে আগত অতিথিরা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে খড়গপুর শাখার এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রেলের ওই নতুন স্টপেজ হওয়ায় স্থানীয় নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দীঘা গামী পর্যটকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। অন্যদিকে রেলের তরফে জানানো হয় খড়গপুর শাখার পরিকাঠামোগত মনোন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, ঘোলবাগদা হল্ট তারই এক প্রতিফলন। তমলুক-দীঘা করিডোরে ওই হল্ট স্টেশনটি চালু হওয়ায় রেল পরিষেবার মান উন্নত হবে। এছাড়া ওই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বহুগুণ বৃদ্ধি পাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এদিন তমলুক-দীঘা রুটে রেলের নতুন ওই স্টপেজটি চালু হওয়ায় খুশি স্থানীয়রা।
উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন
0%


















