আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত রেলের সদর দপ্তরে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে পূর্ব রেল। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রেলের বিভিন্ন বিভাগ, কর্মশালা এবং সদর দপ্তরের নির্বাচিত নারী কর্মীদের সম্মানিত করা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইস্টার্ন রেলওয়ে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের (ERWWO) সভাপতি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি সীমা দেওস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং, প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার জারিনা ফেরদৌসী এবং পূর্ব রেলের অন্যান্য প্রধান আধিকারিকেরা। জারিনা ফেরদৌসীর স্বাগত ভাষণের মাধ্যমে আনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি সীমা দেওস্কর একটি অনুপ্রেরণামূলক বক্তব্য পেশ করেন। তিনি তাঁর ভাষণে নারী ক্ষমতায়নের চলমান যাত্রা এবং রেল খাতের অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আত্মনির্ভরতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নারী কর্মীদের পেশাগত বাধা অতিক্রম করে প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। ওই অনুষ্ঠানে মিলিন্দ দেওস্কর বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, নারী কর্মীরা রেলওয়ের একটি অবিচ্ছেদ্য অংশ, যাঁরা ইনডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রেই এমনকি নিরাপত্তা সংক্রান্ত কাজেও অত্যন্ত নিখুঁতভাবে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন। মহিলারা যেখানে লোকো পাইলট হিসেবে ট্রেন চালানো থেকে শুরু করে গার্ড হিসেবে নিরাপত্তা সুনিশ্চিত করা, এবং স্টেশন ম্যানেজার হিসেবে কাজ পরিচালনা থেকে শুরু করে টিকিট সংগ্রাহক ও বুকিং ক্লার্ক হিসেবে যাত্রী পরিষেবা প্রদান করে চলেছে। এহেন অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশের জন্য গর্ব প্রকাশ করেছে পূর্ব রেল। অনুষ্ঠান চলাকালীন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর এবং সীমা দেওস্কর ব্যক্তিগতভাবে ৩১ জন নারী কর্মীর হাতে তাঁদের অসামান্য কর্মদক্ষতা এবং পরিষেবার প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। আরপিএফ এর হেড কনস্টেবল ধর্মেন্দ্র রাইয়ের কন্যা দীক্ষা রাই, যিনি এই বছর ইউপিএসসি পরীক্ষায় ৪০ তম স্থান অধিকার করেছেন। পূর্ব রেল তাঁকে সংবর্ধিত করে।
নিউজ এক ঝলকে
আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা
0%


















